অসময়ের মানবিকতার দলিল
ছবিটা একটা থ্রিলার হতে পারতো। কিম্বা সম্পূর্ণভাবে এক অন্যমাত্রার স্যাটায়ার। নিখাদ রাজৈতিক কচকচানি বা তাত্ত্বিক বুলি আওড়ানোর যথেষ্ট সুযোগ ছিল। অথবা একান্ত ব্যক্তিগত হাহাকার। কিন্তু এর কোনদিকেই ছবিটা গেল না। বরং এক চিরাচরিত মূল্যবোধ আর মানবিকতার রাস্তায় হাঁটলো। অথচ পরিচালক গত এক দশক কোনো সুস্থির পরিস্থিতির মধ্যে ছিলেন না। রাজনৈতিক বন্দি। কখনো জেলে কখনও বা নিজের বাড়িতে। ইরানে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে কেমন আছেন জানি না। কোথাও তার কোনো খবর নেই। হ্যাঁ আমি পরিচালক জাফর পানাহি সম্পর্কে বলছি। তার নতুন ছবি 'ইট ওয়াজ জাস্ট এ্যান এ্যাক্সিডেন্ট' সম্প্রতি মুবিতে মুক্তি পেয়েছে। গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে তাঁর এখনকার ভাবনা। তাঁর চলচ্চিত্র দর্শন। ছবিটি পরিচালককে তাঁর দেশেই লুকিয়ে শ্যুট করতে হয়েছে। ঠিক এর আগেও বেশ কয়েকটা ছবি যেমন করতে হয়েছিল। কাজেই গত বছর কান চলচ্চিত্র উৎসবে যখন অপ্রত্যাশিত ভাবে একদম শেষ মুহূর্তে ছবিটি অংশ গ্রহণ করে এবং শ্রেষ্ঠ ছবির সম্মান পায় তখন গোটা পৃথিবীর মতো আমাদেরও অবাক করেছিল। মনে হয়েছিল আসলেই কোনো প্রতিকূলতাই কোনো শিল্পের ভাষা প্রকাশের পরিপন্থী হতে পারে না। জাফর পানাহ...





