হৃদয়ের কথা


 গত কয়েকমাস ধরে তেমন করে দেখতে ইচ্ছে করছিল না কিছুই। সিরিজের দিকে ফিরে তাকালে সেই একঘেয়ে থ্রিলার। গোটা পাঁচেক খুন আর তার সঙ্গে সেই একই চিরাচরিত পথে তদন্তের অনুসন্ধান। এর ওপর বিষফোড়ার মতো ভূতের উপদ্রব তো আছেই। আগে বাংলার ভূতেরা মায়া মমতায় জড়িয়ে ছিল তাদের ছেড়ে যাওয়া জগৎকে। তারা যেমন পিঠে পাটিসাপ্টার গন্ধে, গয়নার বাক্সের লোভে ফিরে ফিরে আসতো তেমনই ফিরে আসতো ফেলে যাওয়া মানুষদের দেখতে। এখন ভূতেরা মায়া মমতা ভুলে তন্ত্র-মন্ত্র-তাবিজ শুধু তাই নয় পশ্চিমীদের মতো কামড়া কামড়ি রক্তারক্তি ঘটাচ্ছে। ফলে সেদিকের আট-কপাটি বন্ধ।

অবশ্য এরমধ্যে কয়েকটা ছবি দেখা হয়েছে। ভালো মন্দয় মেশানো সেগুলোর অনুভূতি অন্যরকমের। তবে গতকাল একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি বেশ ভালো লাগলো। বলা যায় ভাবালো, ভালোবাসতে ইচ্ছে করলো। দক্ষিণ কোরীয় পরিচালক লি চ্যাং ডং এর হার্টবিট। সম্প্রতি ছবিটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এর আগে ডং এর পোয়েট্রি দেখেছি। অসাধারণ। ইচ্ছে আছে পসিবল লাভ দেখার। গত বছর ছবিটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। আর হবে নাই বা কেন? যে পরিচালকের ছবিতে সম সময় বরফ জমার মতো জোটবদ্ধ থাকে। কথা বলেন তিনি স্মৃতি, সময়, ইতিহাস আর প্রান্তিক জীবনের ধারাভাষ্য নিয়ে। কথা বলেন এই সময়ের আগ্রাসিত শিল্প নীতি, কর্পোরেট রাজনীতি নিয়ে। কাজেই তাঁর ছবি আর কেবলমাত্র দক্ষিণ কোরিয়াতে আবদ্ধ থাকে না। তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। মজার কথা হলো এই ব্যাপক রাজনীতির পরিসরে ডং এর ছবি স্লোগান হয়ে ওঠে না। বরং মানুষের মনের গভীরের জমি, জলা, তার নানান দিকে ঘুরপাক খায়। এক গভীর দর্শনে পৌঁছোতে দর্শককে সাহায্য করে।
ঠিক যেমন হার্টবিট। চোলের বয়েস মাত্র আট বছর। সময়টা কোভিড পিরিয়ড। কখনও লক ডাউন হচ্ছে আবার কখনও শিথিল। সবেমাত্র খোলা স্কুলের ক্লাসে মন বসে না চোলের। লুকিয়ে বন্ধুর ফোন নিয়ে ছোট্ট ফ্ল্যাটে একা থাকা মাকে ফোন করে চোল। কিন্তু রিং হয়ে যায়। মা ফোন তোলে না। ওই ছোট্ট বাচ্চাটার টেনশন হতে থাকে। কেন ফোন তুলছে না মা? মিথ্যে কথা বলে ক্লাস থেকে বের হয়। লুকিয়ে স্কুল থেকে তার ফ্ল্যাটে এসে মাকে খোঁজার গল্পের নাম হার্টবিট। একটা ছোট্ট ছেলের তার অবসাদ্গ্রস্ত মাকে খোঁজার পথে পরিচালক টুকরো টুকরো করে বুনে দেন কোভিড পরবর্তী দক্ষিণ কোরিয়ার আর্থিক অবস্থা, সমাজ, মানুষের দৃষ্টিভঙ্গী। যে বাচ্চা ছেলেটার বাবার চাকরি চলে গেছে। সে ধর্নায় বসে আছে কারখানার গেটে। যাকে একবারও দেখা যাবে না। আর যে ছেলেটা ছুটছে মাকে খুঁজতে। তার মাকে পাওয়া, না পাওয়া একটা দেশের কাছে, একটা পৃথিবীর পুঁজির বাজারে কোনো প্রভাব না ফেললেও দর্শকরা ওই ছোট্ট হৃদয়ের সঙ্গে কোথাও একাত্ম হয়ে যান। তাই বাহাত্তর বছর বয়সে, আট বছর পরে আবার নতুন করে ছবি করতে এসেও আলোড়ন তোলেন ডং। ভাবতে এবং ভাবাতে চেষ্টা করেন। এবং কেন জানি না বারবার ঘেঁটি ধরে আমার সেই কবেকার মরে যাওয়া স্যারের মতো বলেন, দৈত্যকুলে প্রহ্লাদ এমন বাবরি রেখো না। মাথাটা আসলেই চুল আঁচড়াবার জন্য নয়। ভাবার। ভাবা প্র্যাকটিস করো।
পুনশ্চঃ ক্যারি দেখেছি। ফ্যালাগান পছন্দের পরিচালক। ডরোথি দেখেছি। ভালো লাগছে ভাবতে মিড নাইট ডিনারের সিজন সিক্স এসেছে। এবং অবাক করে দিয়ে কোভিডের সময় থেকেই গল্পটা শুরু হচ্ছে।
অসাধারণ ছাপায়, অনুবাদে একের পর এক বই প্রকাশ করছে যাদবপুর ইউনিভার্সিটি প্রেস। সদ্য শেষ করেছি হাতিটা উধাও। এই গল্প গ্রন্থের দুটি ছোট গল্প নিয়ে দুটি বিখ্যাত ছবি নির্মিত হয়েছে। দুটিই পুরষ্কার প্রাপ্ত। এবং সম সময়ের মধ্যে মুরাকামি আমার দুর্বলতার জায়গা।
হেমন্তের বাজারে একমাত্র কতবেলের দামটাই শস্তা দেখলাম। জানি না শ্যামলবাবু কী বলতেন?
আপনারা কোন সিরিজ দেখলেন? সিনেমা? বই? বাজারে গিয়ে আমার মতোই কি হাতে ছ্যাঁকা খাচ্ছেন? জানাবেন। আর অবশ্যই ভালো থাকবেন।

ছবি সৌজন্য- গুগুল ইমেজ

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা গুলি